কুমিল্লার দাউদকান্দিতে আটক করে থানায় আনার পর দরজা ভেঙে ১৭ কিশোর গ্যাং সদস্য পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর চালানোর অভিযোগও রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।

রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় কক্ষের ভেতরে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয়। একপর্যায়ে আটক ২৮ জনের মধ্যে ১৭ জন পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

আটক কিশোরদের অভিভাবকরা জানান, আটকদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই পুলিশের অপরাধ-সংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকেই আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘তেমন কিছু হয়নি।’ অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনরা একসঙ্গে থানায় আসায় কিছুটা ভিড় হয়।

বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত অভিযানে মোট ৬২৪ কিশোরকে আটক করা হয়। এর মধ্যে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে থানা পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version