নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহ পরান এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, ২৩ বছর বয়সী সাদিয়া ইসলাম নেত্রকোনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের সম্মান শ্রেণির শিক্ষার্থী। একই সঙ্গে তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বুধবার দুপুরে পুলিশ সাদিয়াকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাদিয়া কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে বালাইনগুয়া মীরবাড়ি সড়ক এলাকার একটি বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। এর আগে কুরপাড়া এলাকায় অন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময়ও তাকে স্থানীয়রা আটক করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বুধবার সকালে প্রিয়া আক্তার নামে এক নারী সাদিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে প্রিয়া আক্তার অভিযোগ করেন, তিনি ও আরও চারজনের প্রত্যেকের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা করে দাবি করা হয়। পরে তারা প্রত্যেকে ৩ হাজার টাকা করে দেন। মঙ্গলবার সাদিয়া আরও ২ হাজার টাকা দাবি করে বলেন, পরদিন তাদের ফ্যামিলি কার্ড প্রস্তুত হয়ে যাবে।
স্থানীয়দের অভিযোগ, একইভাবে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন সাদিয়া। বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সাদিয়া অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা হওয়ার পর আদালতের আদেশে সাদিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


