পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি যৌথ নিরাপত্তা চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা ও পুলিশ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ডেরা ইসমাইল খান- কোয়েটা সড়কের একটি তল্লাশি চৌকিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে চেকপোস্টে হামলা চালানোর পর শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্ট ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুলিশ ও নিরাপত্তাকর্মীও হতাহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে।

হামলার পর ডেরা ইসমাইল খান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হামলাকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের ধরন, ব্যবহৃত বিস্ফোরকের পরিমাণ এবং হামলায় জড়িতদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version