বগুড়ার বগুড়া-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো ভোরে ওই এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন দিনমজুর ও শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version