রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর পরপর দুটি বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিসা রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন। ফরাজী হাসপাতালের সামনের সড়কে হঠাৎ মোটরসাইকেলটির চাকা পিছলে গেলে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘রমজান পরিবহন’ ও ‘তিশা পরিবহন’-এর দুটি বাস তাকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত তিসাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘রমজান পরিবহন’ ও ‘তিশা পরিবহন’-এর বাস দুটি জব্দ করে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল তিসার। সেই আনন্দযাত্রার প্রস্তুতির মধ্যেই বুধবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক মুহূর্তের সড়ক দুর্ঘটনায় থেমে গেল ৩১ বছর বয়সী এই শিক্ষিকার জীবন, ভেঙে গেল স্বজনদের ঘিরে থাকা বহু প্রত্যাশা ও পরিকল্পনা।
দুর্ঘটনাটি আবারও রাজধানীর সড়কে গণপরিবহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এবং পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন সামনে এনেছে।


