নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশীয় অস্ত্রের মুখে দোকানমালিক ও ক্রেতাকে জিম্মি করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং ২ থেকে ৩শ ভরি রুপা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি তার দোকানে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্র প্রদর্শন করে তারা দোকানে থাকা এক ক্রেতাকে জিম্মি করে তার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এরপর দোকানের সিন্দুকের ড্রয়ারে থাকা আরও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ২ থেকে ৩শ ভরি রুপা লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনদুপুরে জনবহুল এলাকায় অস্ত্রের মুখে একটি স্বর্ণের দোকানে এমন লুটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, দোকানমালিক দেবাশীষ ঢালী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক নিরাপত্তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে ডাকাতির প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় প্রকাশ করার দাবি করেছেন স্থানীয়রা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version