রাজধানীর দারুসসালাম এলাকায় বাসায় বসে টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান হাতে গুলি বিদ্ধ হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি বর্তমানে দারুসসালামের মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

জেসমিনের ছেলে ইয়াছিন জানান, রাতে তাঁর মা বাসায় বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ জানালার বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তাঁর মায়ের ডান হাতে বিদ্ধ হয়।

ঘটনার খবর পেয়ে দারুসসালাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত নারীকে দেখতে ও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঢামেক হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত নারী বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, কী কারণে এবং কারা ওই নারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version