যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও সিনেটসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চীনা হ্যাকারদের সাইবার হামলা ও অনুপ্রবেশের চেষ্টার তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় সাইবার অভিযান শনাক্ত করে তা নস্যাৎ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত ‘কিউস্ক্যান’ ও ‘কিউটিরউটার’ নামের দুটি প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করেছে মার্কিন বিচার বিভাগ।

আদালতের নথি অনুযায়ী, হ্যাকারদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন জ্বালানি, স্বাস্থ্য ও গবেষণা সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও ছিল।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, নানজিংভিত্তিক একটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এসব হ্যাকিং প্ল্যাটফর্ম পরিচালনা করত এবং এর গ্রাহকদের মধ্যে চীনের গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী রয়েছে। তবে চীন বরাবরের মতোই এ ধরনের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে।

তদন্ত নথি বলছে, হ্যাকার চক্রটি অন্তত ২০১৮ সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে হামলার চেষ্টা চালিয়ে আসছে। ২০১৯ সালে নাসার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও স্বাস্থ্য বিভাগের কয়েকটি প্রতিষ্ঠানে অনুপ্রবেশের ঘটনাও তদন্তে উঠে এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version