সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিওকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তার কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ করে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ধর্মের নামে রাজনীতি করা জামায়াতের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে আসা এমন ঘটনায় জনগণের আস্থা ও রাজনৈতিক নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর দায় থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও দল কেউই মুক্ত থাকতে পারে না।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীনতার ইতিহাসে নারীর প্রতি সহিংসতার যে কলঙ্কজনক অধ্যায় রয়েছে, সেই মানসিকতারই প্রতিফলন আজও জামায়াতের কিছু নেতার আচরণে দেখা যায় বলে তারা অভিযোগ করেন। তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ঘৃণার প্রতীক হিসেবে এমপি নজরুলের কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ করেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।


