মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু
মালদ্বীপে মাত্র ১০ দিনের ব্যবধানে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন স্ট্রোক, একজন হৃদ্রোগ, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনা এবং একজনের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার আশঙ্কার কথা জানা গেছে। স্বল্প সময়ে একাধিক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহত আট বাংলাদেশির বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মরত ছিলেন।
হাইকমিশনের তথ্যমতে, ২৫ জুলাই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রোশনের মৃত্যু হয়। এরপর ২৭ জুলাই ৪৫ বছর বয়সী হুমায়ুন কবির এবং ২৮ জুলাই ৪৭ বছর বয়সী মকবুল মিয়া স্ট্রোকে মারা যান।
৩০ জুলাই শেখ ফরিদ (৪৫) ডায়াবেটিসজনিত জটিলতার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন ১ আগস্ট ২১ বছর বয়সী সুলাইমান মাতাব্বার কর্মক্ষেত্রে ভুলবশত বিষাক্ত রাসায়নিক তরল থিনার পান করে মারা যান। একই দিনে স্ট্রোকে মৃত্যু হয় সৈয়দ মোল্লা (৪৪)-এর।
এ ছাড়া ১ আগস্ট বদিউর রহমান (৩৭) এবং ৩ আগস্ট দেলওয়ারা নবী (৭০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্য একটি মৃত্যুর ঘটনায় আত্মহত্যার আশঙ্কার কথাও জানিয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মুত্তাসিম বিল্লাহ জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলোও দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।


