ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে হোরাসিও মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার মৃত্যুর পর রোজারিওতে ছুটে যান লিওনেল মেসি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত এই শোকের মুহূর্তে মেসি পরিবার গণমাধ্যম ও ভক্তদের কাছে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না; তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম প্রধান পথপ্রদর্শকও ছিলেন। ছোটবেলায় রোজারিওতে মেসির ফুটবলের শুরু থেকে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেওয়া- প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই তিনি ছেলের পাশে ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালে বাবাকে নিয়ে মেসি বলেছিলেন, হোর্হে তাকে অনেক সাহায্য করেছেন এবং তিনি ছিলেন তার ‘কঠোর সমালোচক’। সেই সমালোচনাই তাকে আরও ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করত।

বাবার অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের সময়। আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মেসির আবেগপ্রবণ হয়ে পড়ার পেছনেও পারিবারিক কঠিন সময়ের প্রভাব ছিল বলে পরে জানা যায়। বাবার অসুস্থতার কারণে জুলাইয়ের শেষদিকে এমএলএস অল-স্টার ম্যাচেও অংশ নেননি তিনি।

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ, বার্সেলোনা, ইন্টার মায়ামি, রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন ক্লাব ও ফুটবল সংগঠন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও শ্রদ্ধা জানিয়েছে। রোজারিওতে মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিশ্ব ফুটবলের অসংখ্য সাফল্যের নেপথ্যে থাকা বাবাকে হারিয়ে এখন গভীর শোকে মেসি। রোজারিওর সেই ছোট্ট ছেলের স্বপ্নকে যিনি প্রথম চিনেছিলেন, তারই হাত ধরে যে ছেলে একদিন বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন- সেই হোর্হে মেসির বিদায় তাই মেসির জীবনের এক অপূরণীয় শূন্যতা।

Share.
Leave A Reply

Exit mobile version