রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের হয়েছে ৫০টি মামলা। পুলিশের এই ব্যাপক গ্রেপ্তার অভিযান রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭, মতিঝিলে ৫৭, গুলশানে ৫৭, ওয়ারীতে ৪৬, উত্তরা বিভাগে ৪৯, লালবাগে ৩৪, রমনায় ৩১ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার ও একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪ হাজার ২৯৫টি ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা।
এক দিনে প্রায় পাঁচশ মানুষ গ্রেপ্তার এবং অর্ধশত মামলা দায়েরের ঘটনায় রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সরকারের কৌশল নিয়েও আলোচনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে- এত বড় সংখ্যায় গ্রেপ্তার ও অভিযান পরিচালনার পরও নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি কতটা নিশ্চিত হচ্ছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের ঘাটতি থাকলে শুধু নিয়মিত গ্রেপ্তার অভিযান দিয়ে পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়- এমন মতও রয়েছে।
তবে পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


