বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে সরকারি বিদ্যালয়ের মাঠের মাটি কেটে খালে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে মাঠজুড়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত ও জলাবদ্ধতা। ফলে একদিকে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে পানিতে তলিয়ে থাকা গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা অনিল গাইন ও মোহন বৈরাগীর অভিযোগ, বিদ্যালয়ের পাশের বাসিন্দা লাভলী মজুমদার রাতে লোকজন দিয়ে স্কুলমাঠের মাটি কেটে নেন। পরে কেটে নেওয়া অংশটি পানিতে ভরে গিয়ে অনেকটা খালের মতো সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলা ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সরকারি বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা ও নিরাপদ পরিবেশের অংশ। সেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কেটে এমন পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুরবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা খানম বলেন, মাটি কাটার পর বিদ্যালয়ের মাঠের অবস্থা এমন হয়েছে যে দেখে মনে হচ্ছে সেখানে পুরোপুরি খাল কাটা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাঠের মাটি কাটার কোনো এখতিয়ার কারও নেই। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version