আর্জেন্টিনার অধিনায়ক এবং সর্বকালের সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি নিজের সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই দলের ঐক্য, ভালোবাসা ও আত্মত্যাগই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
মেসি বলেন, “সত্যি বলতে, আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সঙ্গে একই দলে খেলতে পারা আমাকে ভীষণ আনন্দ দেয়। তারা শুধু আমার সতীর্থ নয়, তারা আমার বন্ধু। আমরা খুবই সুন্দর ও ঐক্যবদ্ধ একটি পরিবার। তাদের মুখে আমার প্রতি ভালোবাসা ও আন্তরিকতার কথা শুনলে আমি সত্যিই আনন্দিত হই।”
বিশ্ব ফুটবলের এই ঈশ্বরতূল্য মহাতারকা আরও বলেন, “এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি আজও আরেকটি বিশ্বকাপে খেলতে পারছি এবং প্রতিযোগিতায় নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাচ্ছি।”
মেসি জানান, তার সতীর্থরা তাকে মাঠে আরও দীর্ঘ সময় ধরে খেলতে সাহায্য করার জন্য বাড়তি পরিশ্রম করেন। তিনি বলেন, “আমি জানি, তারা আমার জন্য অতিরিক্ত চেষ্টা করে, যাতে আমি আরও দীর্ঘ সময় প্রতিযোগিতায় থাকতে পারি। তারা এটি কোনো বাধ্যবাধকতা থেকে করে না, বরং হৃদয় থেকে করে। কারণ তারা সত্যিই আমাকে ভালোবাসে এবং আমার পাশে থাকতে চায়।”
মেসির এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে বর্তমান আর্জেন্টিনা দলের অসাধারণ ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় শক্তি এবং সতীর্থদের অবদানকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
একজন কিংবদন্তীর মুখে এমন বিনয়ী ও আবেগময় স্বীকারোক্তি শুধু তার মহান ব্যক্তিত্বেরই পরিচয় বহন করে না, বরং আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে বিরাজমান পারিবারিক বন্ধন ও পারস্পরিক আস্থারও প্রতিফলন ঘটায়। সেই ঐক্যই দলটিকে ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মেসিকেও নতুন উদ্যমে মাঠে লড়াই করার শক্তি জোগাচ্ছে।


