সিলেটের জকিগঞ্জে একই ঘরে রহস্যজনক ভাবে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক হিন্দু পরিবারের গৃহবধূ ও তার চার বছরের মেয়ের মরদেহ। নিহতরা হলেন, চম্পা রাণী দাশ (৩৫) গর্ভবতী ছিলেন এবং তার মেয়ে হৃদি দাশ(৪) বলে জানিয়েছে পুলিশ। মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক।

শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত চম্পা রাণী দাশ দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। তাদের চার বছরের মেয়ে হৃদি দাশও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়।

সন্ধ্যার দিকে ঘরের ভেতর মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তে পাওয়া তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই ঘরে মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে চম্পা রাণী গর্ভবতী ছিলেন বলে জানা যাওয়ায় ঘটনাটি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

তবে পুলিশ এখনো ঘটনাটিকে হত্যা বা আত্মহত্যা- কোনো একটি হিসেবে নিশ্চিত করেনি। ফলে তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

সিলেটের একটি হিন্দু পরিবারের মা ও শিশুকন্যার এমন রহস্যজনক মৃত্যু নতুন করে সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন সামনে এনেছে। তবে, মা-মেয়ের মৃত্যুর পেছনে তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।

স্থানীয়দের প্রত্যাশা, কোনো সম্ভাবনাকেই বাদ না দিয়ে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং প্রকৃত কারণ দ্রুত প্রকাশ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version