বিশ্বকাপের সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে মিকেল ওইয়ারজাবাল ও পেদ্রো পোরোর গোলে জয় তুলে নিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরো চ্যাম্পিয়নরা।
স্পেনের হাই-প্রেসিং ও বলের নিয়ন্ত্রণ ছিল অনেকটা ‘অ্যানাকোন্ডার গ্রিপ’-এর মতো। পুরো ম্যাচে কিলিয়ান এমবাপ্পেদের কার্যত কোনো সুযোগই দেয়নি স্প্যানিশরা। ফ্রান্স অন টার্গেটে মাত্র দুটি শট নিতে সক্ষম হয়।
ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্বীকার করেন, টেকনিক্যাল দিক থেকে স্পেনই ছিল সেরা দল। এমবাপ্পেও বলেন, পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাদের বিদায় নিতে হয়েছে।
অন্যদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, চার বছর ধরে যে ফুটবল দর্শন অনুসরণ করে দল এগিয়েছে, তারই ফল এই সাফল্য। আগামী রোববার নিউইয়র্কে ফাইনালে স্পেন মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের বিজয়ীর।


