জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় কথিত পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আক্কেলপুর উপজেলার হামিদুর রহমান (৬২), জাকির হোসেন (৫০), মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও কামাল হোসেন (৬০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালায় বিজিবি ও এসআরবির যৌথ দল। অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মুকুল চন্দ্র মণ্ডল ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামিদুর রহমান ও জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, মূর্তিটি সীমান্তপথে ভারতে পাচারের জন্য সংগ্রহ করে মজুত করা হয়েছিল।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তার চারজনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version