বাংলাদেশে ফেরা, রাজনৈতিক ভবিষ্যৎ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কী বার্তা আসে, সেদিকেই নজর
ভারতের বেসরকারি সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV)-এর পর্দায় শেখ হাসিনাকে নিয়ে বিশেষ আয়োজনের ঘোষণা সামনে এসেছে। আজকের সম্প্রচারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, রাজনৈতিক ভবিষ্যৎ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কী বার্তা আসে, সেদিকেই নজর থাকবে সকলের।
শেখ হাসিনাকে ঘিরে গত কয়েক মাস ধরেই বাংলাদেশ-ভারত সম্পর্ক, তার দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায় রয়েছে।
এর আগে জুনে এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। একই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও মন্তব্য করেন।
এরপর আগস্টে দিল্লি থেকে দেওয়া বক্তব্যেও দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বলেছিলেন- তিনি দেশে ফিরতে চান এবং প্রয়োজনে কারাবরণ কিংবা মৃত্যুর ঝুঁকিও মোকাবিলা করতে প্রস্তুত।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারতের সঙ্গে সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছে।
এই প্রেক্ষাপটে এনডিটিভি (NDTV)- কে দেওয়া আজকের সাক্ষাৎকার নতুন করে আগ্রহ তৈরি করেছে। শেখ হাসিনা যদি সরাসরি বক্তব্য দেন, তাহলে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বিচারসংক্রান্ত অবস্থান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক- এসব বিষয়ে নতুন কোনো বক্তব্য আসে কি না, সেটিই এখন মূল আকর্ষণ।
এনডিটিভির আগের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা তার রাজনৈতিক অবস্থান ও দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছিলেন।


