গাইবান্ধায় গভীর রাতে এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে গভীর রাতে মাহ্ফুজ সরকার রাকিবকে দেখতে পান এলাকাবাসী। তাদের দাবি, তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা তাকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে উভয় পক্ষের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
এরপর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।


