সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী ও নাজিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন।
মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর। তিনি আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার প্রধান আসামি শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ রয়েছে, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
ভুক্তভোগীর মা ও মামলার বাদী আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে তিনি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে যান। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গিয়ে জানতে পারেন, সে স্কুলে নেই।
এরপর মেয়ের বান্ধবীদের কাছ থেকে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে ওই ছাত্রীকে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
মেয়ের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


