ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি বৃহৎ গমের সাইলো (খাদ্য গুদাম) এবং আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খুজেস্তান প্রাদেশিক প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি জানান, হোভেইজেহ কাউন্টিতে অবস্থিত একটি বড় গমের সাইলো এবং দশত-ই আজাদেগান কাউন্টির আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় মার্কিন প্রজেক্টাইল আঘাত হানে। হামলার পরপরই জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়ে আসছে।

Share.
Leave A Reply

Exit mobile version