জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা এক পাকিস্তানি সাংবাদিককে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন, “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে। আসুন!”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। জয়শঙ্কর ও লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তি ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অব শিপিং অ্যান্ড সিফেয়ারার্স’- এর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
সংবাদ সম্মেলনের শেষ দিকে এক পাকিস্তানি সাংবাদিক ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে প্রশ্ন করেন- “আপনাদের সরকার কবে পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করবে?” জবাবে কোনো দীর্ঘ ব্যাখ্যায় না গিয়ে এক বাক্যেই পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব দেন জয়শঙ্কর- “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।”
এরপর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বাথানেনি ওই সাংবাদিককে বলেন, “আপনি আপনার উত্তর শুনেছেন। আপনার প্রশ্নের জবাব পরিষ্কারভাবেই দেওয়া হয়েছে।”
জয়শঙ্করের এই বক্তব্যের মধ্য দিয়ে জাতিসংঘের মতো আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগকে ভারত কীভাবে দেখছে, তার কঠোর রাজনৈতিক বার্তা প্রকাশ পেয়েছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তান ও পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ করে আসছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন জাতিসংঘের অধিবেশনে ভারত তার নিজস্ব কূটনৈতিক ও নিরাপত্তা অগ্রাধিকার সামনে তুলে ধরছে। একই সঙ্গে ভারতের অবস্থান হলো- দেশটির পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব পাকিস্তানের ওপর নির্ভরশীল নয়; বরং বৃহত্তর বৈশ্বিক পরিসরে নিজস্ব স্বার্থ ও কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতেই ভারত এগোচ্ছে। তাই ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবিশ্বাস ও সন্ত্রাসবাদ ইস্যুতে দিল্লির অনমনীয় অবস্থানেরও প্রকাশ।


