জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার কথা বলে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
গ্রেফতার হওয়া আরাফাত হোসেন রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের আত্মীয় (মামাতো-ফুফাতো ভাই-বোন)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য আরাফাত হোসেন রাব্বির সহায়তা চান। শনিবার সরকারি ছুটির কারণে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকলেও সকাল ৯টার দিকে রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে বিভিন্ন অজুহাতে তিনি ওই শিক্ষার্থীকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া এলাকার জাহানারা বেগমের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে ।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে ফিরে পুরো বিষয়টি তার মা-বাবাকে জানান। এরপর সন্ধ্যায় মা ও মেয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের দেওয়া লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।


