সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের হাতে আটকের পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

ঘটনাটি ঘটে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামের উত্তরপাড়া এলাকায়। এ ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টাউনশ্রীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে এবং দরজা খুলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এরপর তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে হেফাজতে নেয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর এলাকাবাসী দুজনকে আটকে রেখেছিল। তিনি বলেন, শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের একজন নেতা হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্বও পালন করতেন।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের কর্মীকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version