পাসের হার কমেছে ৬.২০ শতাংশ, এক বছরে বেড়েছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বড় ধরনের চিত্র সামনে এসেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৩৮ শতাংশই কৃতকার্য হতে পারেনি।

এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন পতন শিক্ষা খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুধু পাসের হারই কমেনি, এবার বেড়েছে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছিল। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ২৯ হাজার ৯৪৮ জন বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফলের এই চিত্রে একদিকে যেমন লাখ লাখ শিক্ষার্থীর সাফল্য এসেছে, অন্যদিকে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে গত বছরের তুলনায় পাসের হার কমে যাওয়া এবং ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ার বিষয়টি শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version