ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি)-এর আয়োজনে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন, যেখানে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট জঙ্গি হামলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন।

এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; বরং অডিও সংযোগের মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত হবেন। তিনি জানান, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবেই সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

ড. আউয়াদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়ার বিষয়টি সত্ত্বেও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে এফসিসি এই আয়োজন করছে। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি বা বাধা দেওয়া হয়নি।

তিনি জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশ হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতের সংসদীয় কমিটির রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা হলেও ক্লাবটি তার নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনার কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দিতে পারেন।

এই ভার্চুয়াল প্যানেল আলোচনায় শেখ হাসিনার পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার-এর।

Share.
Leave A Reply

Exit mobile version