রাজধানীর গুলশানে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শান্তিপূর্ণ এই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে বিনাকারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান,আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিশাল মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মিছিলকারীদের মুহুর্মুহু ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। ভিডিওতে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপের দৃশ্যও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের সংগঠিত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে ক্রমান্বয়ে। দলগত হিসাবে আওয়ামী লীগ একমুহূর্তে সাধারণ জনগণের পূর্ণ সমর্থন পাওয়ার নিকটে পৌঁছে গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version