২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে ১৬ বছর পর শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাঝমাঠের প্রাণভোমরা রদ্রির। একটি গোল বা অ্যাসিস্ট না থাকলেও টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রির মূল কাজ ছিল খেলার গতি নিয়ন্ত্রণ, বলের দখল ধরে রাখা, রক্ষণ থেকে আক্রমণে সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে দেওয়া। পুরো বিশ্বকাপে স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যেখানে রদ্রির অবদান ছিল অনন্য।

পরিসংখ্যানও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। ৮ ম্যাচে তিনি ৬৫০টির বেশি সফল পাস সম্পন্ন করেন। ম্যাচজুড়ে তার পজিশনিং, বল পুনরুদ্ধার এবং খেলার নিয়ন্ত্রণ স্পেনকে দিয়েছে বাড়তি শক্তি। কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশলের কেন্দ্রবিন্দুতেও ছিলেন এই ম্যানচেস্টার সিটির তারকা।

অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেও গোল্ডেন বল জিততে পারেননি। কারণ, ফিফা শুধু গোল-অ্যাসিস্ট নয়; একজন খেলোয়াড়ের ম্যাচে সামগ্রিক প্রভাব, ধারাবাহিকতা, নেতৃত্ব, কৌশলগত গুরুত্ব এবং দলের সাফল্যে অবদান- এসব দিকও মূল্যায়ন করে।

রদ্রি প্রমাণ করেছেন, আধুনিক ফুটবলে সব নায়ক গোল করেন না; কেউ কেউ পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন।

Share.
Leave A Reply

Exit mobile version