চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তারা মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে ও পুত্রবধূ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান রিমন দাশ গুপ্ত। প্রথমে তিনি তাঁর মা কল্পনা দাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তও হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। পরে স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।


