বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা এবার জর্ডানের বিপক্ষে ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে পাঁচ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মূল একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত সাত ফুটবলার এই ম্যাচে বিশ্বকাপে অভিষেকের সুযোগ পেতে পারেন।

রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইনজুরি থেকে ফেরার পর আবারও চোটে পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। ফলে তার পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডিকে শুরুর একাদশে দেখা যেতে পারে। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা লিয়ান্দ্রো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে নতুন মুখ মার্কোস সেনসিকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ পাননি তিনি।

গোলপোস্টেও দেখা যেতে পারে নতুন মুখ। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও এখনো বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি জেরোনিমো রুল্লির। নিয়মিত গোলরক্ষককে বিশ্রাম দিয়ে তাকে মাঠে নামাতে পারেন কোচিং স্টাফ।

মধ্যমাঠে সুযোগ পেতে পারেন জিওভান্নি লো চেলসো। ইনজুরির কারণে আগের বিশ্বকাপ মিস করা এই তারকা এবার বিশ্বকাপের মঞ্চে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেতে যাচ্ছেন। পাশাপাশি এক্সিকুয়েল প্যালাসিওস, ভ্যালেন্টিন বার্কো এবং নিকো পাজের মতো তরুণ ফুটবলারদেরও দেখা যেতে পারে প্রথম একাদশে।

আক্রমণভাগে সুযোগ পেতে পারেন জিয়ান্নি সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ। অন্যদিকে আগের ম্যাচে বিশ্রামে থাকা হুলিয়ান আলভারেজও ফিরতে পারেন মূল একাদশে। এছাড়া হুয়ান ফয়েথ ও নিকোলাস তাগলিয়াফিকোকেও সুযোগ দেওয়া হতে পারে।

নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় স্কালোনি মূলত বেঞ্চের খেলোয়াড়দের ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে চান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দিয়ে পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুত রাখাই তার লক্ষ্য। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

জেরোনিমো রুল্লি; গনসালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস সেনসি, নিকোলাস তাগলিয়াফিকো; এক্সিকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্টিন বার্কো; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।

বিশ্বকাপের নকআউট পর্বের আগে এই ম্যাচে আর্জেন্টিনার নতুন মুখদের পারফরম্যান্সের দিকেই থাকবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজর। নতুন তারকাদের উত্থানের সাক্ষী হতে পারে ডালাসের এই লড়াই।

Share.
Leave A Reply

Exit mobile version