ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল ও জাপান। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারায় জাপান। পরে সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় এশিয়ার প্রতিনিধিরা।

তবে শুধু চলতি বিশ্বকাপেই নয়, সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। এই সময়ে তারা ইংল্যান্ডকে ওয়েম্বলি স্টেডিয়ামে হারানোর মতো স্মরণীয় সাফল্যও অর্জন করেছে। আরও বড় কথা, কয়েক মাস আগে ব্রাজিলের বিপক্ষেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে ৩-২ গোলের জয় তুলে নিয়েছিল জাপান। ম্যাচটিতে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তারা।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেই জাপানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাপান যে বিশ্বের অন্যতম সেরা দল, তা আমরা খুব ভালোভাবেই জানি। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা এই ম্যাচের জন্য ঠিক ফাইনালের মতোই প্রস্তুতি নিচ্ছি, কারণ আমাদের কাছে এটি একটি ফাইনাল।”নকআউট পর্বের ম্যাচে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও মনে করেন ইতালিয়ান এই কোচ। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রেখে দলকে প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

আনচেলত্তি বলেন, “আমাদের প্রয়োজন শক্ত মানসিকতা এবং দৃঢ় হৃদয়। নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। অতিরিক্ত সময়, টাইব্রেকার সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। এই দল প্রস্তুত, উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী। তবে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই অত্যন্ত কঠিন।”

ব্রাজিলের জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে পারে ম্যাচের সময়সূচি। হিউস্টনে স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ব্রাজিল তাদের সব ম্যাচই রাতে খেলেছে। তবে বিষয়টিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না আনচেলত্তি।

তার ভাষায়, “আমার মনে হয় না এতে খুব বেশি কিছু পরিবর্তন হবে। আমরা সাধারণত দিনের এই সময়েই অনুশীলন করি। শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচই।”তিনি আরও বলেন, “আমাদের পুরোপুরি মনোযোগী থাকতে হবে। আমরা একটি অত্যন্ত সংগঠিত ও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি। মাঠে আমরা কী করতে চাই, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে।”

এদিকে টুর্নামেন্টে সম্ভাব্য শিরোপা জয়ের দৌড়ে কোন দল এগিয়ে-এমন প্রশ্নের জবাবে কোনো নির্দিষ্ট দলকে ফেভারিট মানতে রাজি হননি ব্রাজিল কোচ। তার মতে, বিশ্বকাপের নকআউট পর্বে সব দলই সমানভাবে বিপজ্জনক এবং সামান্য ভুলই স্বপ্নভঙ্গের কারণ হতে পারে।

তাই ব্রাজিল-জাপান দ্বৈরথকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা জাপান। শেষ পর্যন্ত কারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version