জামায়াতকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান; চাঁদাবাজি-ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকেও বিরত থাকার পরামর্শ
নারায়ণগঞ্জে এক সমাবেশে জামায়াতে ইসলামীকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, নৈরাজ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, ‘জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি।’ জামায়াত ও সাপের একটি তুলনা টেনে তিনি বলেন, সামনে একটি সাপ ও একটি জামায়াত- দুটির মধ্যে পড়লে আগে জামায়াত সম্পর্কে সতর্ক হতে হবে, এরপর সাপের দিকে নজর দিতে হবে।
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপিকে সতর্ক করে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে যাদের তিনি উল্লেখ করেন, তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক বক্তব্যের পার্থক্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সমাবেশে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ফজলুর রহমান দলীয় শৃঙ্খলা ও সততার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকে বিরত থাকতে হবে। নিজেদের ভুল-ত্রুটি থাকলে তা স্বীকার করে সংশোধনের আহ্বানও জানান তিনি।


