রাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়া এবং দোকানের সামনে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত আবদুল বারী ওই এলাকার বাসিন্দা এবং সেখানে মুদি দোকান পরিচালনা করতেন।
শনিবার সন্ধ্যায় টাকা ভাঙতি দেওয়া এবং দোকানের আশপাশে মাদকসেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে আবদুল বারীর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে গভীর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে আবদুল বারীর দোকানে হামলা চালায়। একপর্যায়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে বারী দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


