রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার এ এফ রহমান হলের বিপরীতে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে একটি ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন।
বুধবার (২৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাজারের একটি সাদা ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ নবজাতকটির মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


