সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ উপলক্ষে মসজিদ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি। জানাজার সময় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে তাকে বহনকারী প্রিজন ভ্যানও দেখা যায়।

জানাজা শেষে প্রিজন ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখেন দীপু মনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বামীকে শেষবারের মতো দেখে কিছু সময় সেখানে অবস্থান করেন তিনি।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১২ ঘণ্টার প্যারোলের শর্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফেরত নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন দীপু মনি। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তৌফিক নেওয়াজ দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে আইনজীবী মহলসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version