দীর্ঘ দুই দশক পর আবারও কোলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা ও কবি তসলিমা নাসরিন। বর্তমানে ভারতের দিল্লিতে বসবাসরত এই লেখিকা আগামী ১ আগস্ট কোলকাতার রবীন্দ্র সদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তসলিমা নাসরিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোলকাতা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আমন্ত্রণ জানিয়েছে ‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (এইচআরবিএফএফ)’। আয়োজকদের ভাষ্য, মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের আপসহীন অবস্থান এবং বাকস্বাধীনতার পক্ষে তার নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৬২ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা নাসরিন আশির দশকে কবি হিসেবে সাহিত্যজগতে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে নারী অধিকার, লিঙ্গসমতা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি উগ্রবাদীদের হুমকির মুখে পড়েন। প্রাণনাশের আশঙ্কায় ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তিনি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটানোর পর ২০০৪ সালে কোলকাতায় বসবাস শুরু করলেও, ২০০৭ সালে সহিংস বিক্ষোভ ও নিরাপত্তাজনিত কারণে তাঁকে শহরটি ছেড়ে যেতে হয়।

এরপর কয়েকবার কোলকাতায় ফেরার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা শঙ্কার কারণে তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রায় ২০ বছর পর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায় বলেন, তসলিমার কোলকাতায় আসার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিকরাও তসলিমা নাসরিনের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশের পর কোলকাতাই তসলিমার সবচেয়ে প্রিয় শহর। তিনি আশা প্রকাশ করেন, তসলিমা আবারও পশ্চিমবঙ্গে নিয়মিত আসতে পারবেন।

কবি অংশুমান কর বলেন, একজন লেখকের স্বাধীন মতপ্রকাশের অধিকার থাকা উচিত। তার মতে, তসলিমা নাসরিন বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাকে কলকাতায় প্রবেশের সুযোগ দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version