পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে শারদীয় দুর্গাপূজার নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিক জানান, রাতে মণ্ডপে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রাধানাথ বর্মন বাদী হয়ে মামলাটি করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, প্রতিমা তৈরির কাজ শেষ করে পুরোহিত ও কারিগররা রাত ১২টার পর মণ্ডপ থেকে চলে যান। এরপর মণ্ডপে কেউ না থাকার সুযোগে প্রতিমার দুটি অংশ ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মণ্ডপ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে প্রতিমা ভাঙচুর করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
শারদীয় দুর্গোৎসব সামনে রেখে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মীয় উপাসনালয় ও প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর নজরদারি ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিশেষ করে পূজামণ্ডপে রাতের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং নিয়মিত পুলিশি টহল জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মন্দিরসংশ্লিষ্টরা।


