ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত থেকে তিনি একচুলও সরে আসেননি। মৃত্যুদণ্ডের ঝুঁকি, কারাবাস কিংবা রাজনৈতিক প্রতিকূলতা সবকিছু সম্পর্কে অবগত থাকলেও তিনি বিশ্বাস করেন, শেষ পর্যন্ত তিনি নিজের দেশ ও জনগণের কাছেই ফিরবেন।
সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজ-কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসব। আমি আদালতে হাজির হব। তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, এমনকি ফাঁসিতেও ঝোলানোর চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি।”
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন বলেও তিনি উল্লেখ করেন।


