কানাডায় স্থায়ীভাবে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় ধরনের ধাক্কা দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে বাবা-মা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নিয়ে যাওয়ার অন্যতম জনপ্রিয় Parents and Grandparents Program (PGP)-এ নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডার অভিবাসন বিভাগ।
বুধবার (১৫ জুলাই) ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) এক বিজ্ঞপ্তিতে জানায়, কার্যকর, সুশৃঙ্খল ও টেকসই অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং সম্ভাব্য স্পন্সরদের আবেদন করার জন্যও কোনো আমন্ত্রণ পাঠানো হবে না।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আবেদনজট কমিয়ে অভিবাসন ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া চলবে এবং চলতি বছর ১৫ হাজার আবেদন নিষ্পত্তির লক্ষ্য রয়েছে সরকারের।
বর্তমানে ৬০ হাজারের বেশি আবেদন প্রক্রিয়াধীন থাকায় নতুন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে। তবে Super Visa কর্মসূচি চালু থাকবে, যার মাধ্যমে বাবা-মা বা দাদা-দাদিরা একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় অবস্থান এবং ১০ বছর পর্যন্ত একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন।
কানাডা সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে পিজিপি কর্মসূচির আওতায় ২৭ হাজার ৩৩০ জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে ৫৩ হাজার ৬৯৫টি সুপার ভিসা অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ হাজারো অভিবাসী পরিবার আপাতত তাদের বাবা-মা বা দাদা-দাদিকে স্থায়ীভাবে দেশটিতে নেওয়ার পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে। এখন নতুন ঘোষণা না আসা পর্যন্ত আগ্রহীদের অপেক্ষা করা ছাড়া অন্য কোনো পথ থাকছে না।


