মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে চাকরিচ্যুত দুই সাবেক সেনাসদস্য রয়েছেন। তাদের কাছ থেকে র‍্যাবের আদলে তৈরি কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাফসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৭ সেপ্টেম্বর উপজেলার ছনবাড়ী-ইছাপুরা সড়কের হরিবাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কেজি স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করেছিল চক্রটি। পরিকল্পনা অনুযায়ী তারা হরিবাড়ী ব্রিজের পাশে অবস্থান নিয়ে সুযোগের অপেক্ষায় ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি ‘র‍্যাব’ লেখা কটি, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাফ, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে ডাকাতি করে আসছিল। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাকের আদলে সরঞ্জাম ব্যবহার করে সংঘবদ্ধভাবে ডাকাতির এমন পরিকল্পনা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্য এবং তাদের আগের অপরাধের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version