ফুটবল মাঠে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি মানবিক কাজেও দীর্ঘদিন ধরে যুক্ত সর্বকালের সেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শিশু ক্যানসার চিকিৎসায় বিশেষায়িত একটি কেন্দ্র নির্মাণে তাঁর ফাউন্ডেশনের ২৬ লাখ ইউরো সহায়তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মেসির এই অনুদান দেওয়া হয়েছে এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হতে যাওয়া কেন্দ্রটির আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার। এখানে প্রতি বছর আনুমানিক ৪০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।২০২২ সালের জুনে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটি বছরে প্রায় ৪০০টি নতুন শিশু ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার সক্ষমতা রাখে। এখানে চিকিৎসার পাশাপাশি গবেষণা ও বিশেষায়িত ক্যানসার সেবার ব্যবস্থাও রয়েছে।
শিশু ক্যানসারের চিকিৎসা, গবেষণা ও রোগী-পরিবারের সহায়তাকে একই কেন্দ্রের আওতায় আনার লক্ষ্যেই গড়ে ওঠে এই বিশেষায়িত প্রতিষ্ঠান। মেসি শুরু থেকেই প্রকল্পটির অন্যতম প্রধান সমর্থক ও প্রচারণার মুখ ছিলেন।
তবে মেসি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ নয়। শিক্ষা, খেলাধুলা ও নানা সামাজিক উদ্যোগেও সক্রিয় সংস্থাটি। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, মেসির জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণেও কাজ করছে ফাউন্ডেশন।
সর্বকালের সেরা মেসির এই উদ্যোগ নিয়ে সাম্প্রতিক সময়ে তাঁর ফাউন্ডেশনের ২৬ লাখ ইউরো অবদানের কথা উঠে এসেছে।


