নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার থেকে খালের সেতু পর্যন্ত প্রায় ৫০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রায় ৩০০ মিটার দীর্ঘ ইউনি ব্লক সড়কটি উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। এতে নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় সাত হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, জনগণের কষ্ট লাঘবে নেওয়া উন্নয়ন প্রকল্পটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, যথাযথ তদারকির অভাব এবং অপরিকল্পিত বাস্তবায়নের কারণে অল্প সময়েই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশ দেবে গেছে এবং বিভিন্ন স্থানে ইউনি ব্লক সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। শিশু, নারী ও বৃদ্ধদের নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পানি জমে থাকায় অনেকের চর্মরোগও দেখা দিয়েছে।

ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে দোকানে পানি ঢুকে ব্যবসায় ক্ষতি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীদের প্রতিদিন নোংরা পানি পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও এলাকায় প্রবেশ করতে পারে না, ফলে রোগীদের কাঁধে বা খাটিয়ায় করে মূল সড়কে নিয়ে যেতে হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর সময় থেকেই অনিয়মের অভিযোগ উঠেছিল এবং এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনগণের টাকায় নির্মিত সড়কটি অল্প সময়েই ভেঙে পড়ে জনদুর্ভোগের কারণ হয়েছে। তাদের দাবি, প্রকল্পটির কারিগরি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version