নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন গুদামজুড়ে ছড়িয়ে পড়ে, এতে পুরো শিল্পাঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ইপিজেডের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ৯টি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় কিছু জায়গায় এখনও ধিকিধিকি আগুন জ্বলছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটির স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, আগুনের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version