সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরে অবস্থিত মার্কিন বিশেষ বাহিনীর ঘাঁটিতে সফলভাবে এই হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরে মার্কিন হামলায় আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।

এদিকে একইসঙ্গে হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। আইআরজিসির দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-বাণিজ্য পথের ওপর ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারা সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালী ব্যবহার করে তেল ও গ্যাস রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় ইরানের এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version