মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সুতা ও বৈধ জাল বিক্রির আড়ালে গোপনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে এই জাল ব্যবহার করে নির্বিচারে পোনা ও মা মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজারে দোকানে প্রকাশ্যে সুতা বিক্রি হলেও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল রাখা হয় বাড়ি বা গোপন গুদামে। ক্রেতা এলে দোকানে দরদাম চূড়ান্ত করে পরে গুদাম থেকে জাল সরবরাহ করা হয়। এসব জালের দাম ২ হাজার ২০০ টাকা থেকে ১০-১২ হাজার টাকা পর্যন্ত।

উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, চায়না দুয়ারি জালের কারণে মাছের ডিম, পোনা ও মা মাছ নির্বিচারে ধরা পড়ছে। এতে দেশীয় মাছের প্রাকৃতিক উৎপাদন হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, সম্প্রতি বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। খুব শিগগিরই আবারও বাজার ও বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারও জানান, দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version