ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, নেতৃত্ব ও জাদুকরী পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন দিয়েগো মারাদোনা । তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কিছু মন্তব্যও নতুন করে আলোচনায় আসছে, যেগুলো অনেকের কাছে ভবিষ্যদ্বাণীর মতো মনে হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে ২০১৮ সালে দেওয়া তাঁর একটি মন্তব্য বর্তমানে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন হলে ফুটবলের ঐতিহ্যগত কাঠামোকে বিজ্ঞাপন ও বাণিজ্যিক স্বার্থের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ বাড়বে। তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে আয়োজকদের পক্ষ থেকে ম্যাচকে ২৫ মিনিটের চারটি কোয়ার্টারে ভাগ করার প্রস্তাব উঠেছিল। যদিও সেই প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়নি, তবুও ম্যারাডোনা মনে করেছিলেন যে ফুটবলের ওপর বাণিজ্যিক প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে।

সেই সময় তিনি বলেছিলেন, “আমেরিকানরা বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।” তাঁর মতে, ফুটবলের স্বাভাবিক ধারাবাহিকতা ভেঙে বিজ্ঞাপন সম্প্রচারের সুযোগ তৈরি করাই ছিল এমন চিন্তার মূল উদ্দেশ্য।

২০২৬ বিশ্বকাপ চলাকালে দেখা যাচ্ছে, ম্যাচের মাঝপথে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানীয় বিরতির সময় সম্প্রচার মাধ্যমগুলোতে বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি হচ্ছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা ও তীব্র গরমের কারণে চালু করা হয়েছে, তবুও এর মাধ্যমে সম্প্রচার ও বাণিজ্যিক সুবিধাও বাড়ছে। ফলে ম্যারাডোনার বহু বছর আগের সতর্কবার্তা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

ম্যাচকে চার কোয়ার্টারে ভাগ করা না হলেও খেলার মাঝখানে নির্ধারিত বিরতির মাধ্যমে যে অতিরিক্ত বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হয়েছে, তা ম্যারাডোনার আশঙ্কার সঙ্গে অনেকটাই সঙ্গতিপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মন্তব্য করছেন, ফুটবলের বাণিজ্যিক রূপান্তর নিয়ে ম্যারাডোনা যে সতর্কতা দিয়েছিলেন, সময়ের সঙ্গে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version