দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং পরীক্ষায় ১৪ হাজার ১০৪ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি সরকারের সমালোচনা জোরালো হচ্ছে। স্বাস্থ্য খাতে পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সময়মতো কার্যকর টিকাদান কর্মসূচি সম্প্রসারণে ধীরগতি, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবলের সংকট এবং রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ঘাটতির অভিযোগ তুলছেন বিভিন্ন মহল।

সংক্রামক রোগ মোকাবিলায় আগাম পরিকল্পনা, নিয়মিত টিকাদান, মাঠপর্যায়ে নজরদারি এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ আরও আগে নেওয়া হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো বলে তাদের অভিমত।

হামের বিস্তার নিয়ন্ত্রণে এখন জরুরি ভিত্তিতে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার, শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন।

ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে শিশুমৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই। জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় দ্রুত, কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণই এখন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version