হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় ‘কথিত’ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আবেদনের ওপর আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাদীর ৯ মাস বয়সী কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে যে, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় অবহেলা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে শিশুটির মৃত্যু ঘটেছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ ও শিশুস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রায় ৭০০ এর ওপরে শিশু হামে মারা যায় গত কয়েকমাসে এবং দৈনিক শিশু মৃত্যুর খবর আসছে। ইউনিসেফের বারবার সর্তকতার পরেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার টিকা আমদানী করেনি এবং টিকা বিতরণ কর্মসূচি বন্ধ রাখায় হামের তীব্রতায় এত শিশুর প্রাণহানি ঘটে। তবে মামলার আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং আদালতও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
মামলার আবেদনের পর বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।


