২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত লস্কর-ই-তৈবার (LeT) জ্যেষ্ঠ সদস্য ক্বারি সাঈদ আবদুল আজিজ পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন। গত ৮ আগস্ট ইসলামাবাদে একটি মসজিদের কাছে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান বলে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে খবর এসেছে।
মসজিদে যাওয়ার আগে আবদুল আজিজ অজ্ঞাত একটি স্থানে খাবার খেয়েছিলেন। এরপর ইসলামাবাদের কুবা মসজিদের কাছে পৌঁছানোর পর হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে সমন্বিত সন্ত্রাসী হামলা চালানো হয়। কয়েক দিন ধরে চলা ওই হামলায় ১৬৬ জন নিহত এবং শত শত মানুষ আহত হন। হামলাটির সঙ্গে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার সম্পৃক্ততা আন্তর্জাতিক তদন্তে উঠে আসে।
আবদুল আজিজকে লস্কর-ই-তৈবার একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে তাঁর নাম ২৬/১১ হামলার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রমের প্রেক্ষাপটে উঠে এসেছে।
গত কয়েক বছরেও ২৬/১১ হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত কয়েকজন লস্কর-ই-তৈবা নেতার পাকিস্তানে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালে লস্কর-ই-তৈবার কমান্ডার আজম চিমা পাকিস্তানের ফয়সালাবাদে হৃদ্রোগে মারা যান বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। একই বছর জাতিসংঘও লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ও হাফিজ সাঈদের ঘনিষ্ঠ হাফিজ আবদুস সালাম ভুট্টভির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় ক্বারি সাঈদ আবদুল আজিজের আকস্মিক মৃত্যু আবারও ২৬/১১ হামলার নেপথ্যের নেটওয়ার্ক, পাকিস্তানে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান এবং তাদের পরিণতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।


