নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক নারী মরিয়ম বেগম (৩৬) উপজেলার একটি ইউনিয়নের জামায়াতের আমিরের স্ত্রী বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছে থাকা দুটি প্যাকেট থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ডিএনসি কর্মকর্তারা জানতে পারেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে স্থানীয় এলাকায় সরবরাহ করা হতো। এ ঘটনায় মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও মাদক চক্রের নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version